বিজ্ঞপ্তি নিজস্ব বাতাস বয়ে যায়! (সৃষ্টিসুখ, ২০১৪) গ্রন্থটির পরবর্তীকালে রচিত আমার কবিতা সমুদয় এই কাব্যগ্রন্থে সংকলিত হইল। ঊর্ণনাভ কবিতাটি ইতিমধ্যে ইংরাজি ও ফিনিশ অনুবাদে, হেলসিঙ্কি হইতে ২০১৫ খৃষ্টাব্দে প্রকাশিত আমার কবিতার অনূদিত সংগ্রহ Enchantress/ Lumoojatar গ্রন্থে সংযুক্ত হইয়াছে। প্রতিটি কবিতাই পরবাস পত্রিকায় পূর্ব প্রকাশিত। সম্পাদক মহাশয়কে কৃতজ্ঞতা। দুই তরুণ তুর্কী, শ্রীমান অতনু দেব ও শ্রীমান রোহণ কুদ্দুস যথাক্রমে অলংকরণ ও প্রকাশনার গুরুদায়িত্ব স্বেচ্ছায় তাঁহাদের স্কন্ধোপরি লইয়াছেন। আমি আপ্লুত। আর এই সংকলনের প্রতিটি রচনাই নির্মাণের পর মুহূর্তেই আমি যাঁহাদিগের নিকট ই-ডাক মারফত অকাতরে প্রেরণ করিয়াছি, তাঁহারা শুধু সুরসিক কবিতা পাঠক নহেন, তাঁহারা প্রত্যেকেই আমার প্রিয় মানুষ। এই গ্রন্থটি পুষ্পিত হইল তাঁহাদের ভালোবাসায়: ভো পাঠক, ইহার সুঘ্রাণ আজ তোমার নিকটেও উপস্থিত, পরমানন্দে আজ তুমিও ইহাকে গ্রহণ করিও! অলমিতি বিস্তরেন। নিরুপম চক্রবর্তী